ভারতের চেন্নাইয়ে ৩ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

ভারতের চেন্নাইয়ে ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার ভোরে ত্রিচি-চেন্নাই জাতীয় মহাসড়কের মধুরান্থগামের কাছে দুটি ট্রাক এবং একটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

চেন্নাইয়ের তিরুভান্নামালাই মন্দিরে কার্থিগাই দীপম উৎসবে অংশ নিয়ে চেন্নাই ফেরার সময় ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মিনি ট্রাকটি জানকিপুরমে পৌঁছলে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এর পেছনে থাকা আরেকটি ট্রাক মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাক দুটি ট্রাকের মধ্যে আটকা পড়ে। এতে মিনি ট্রাকে থাকা ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।

পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য চেঙ্গলপেট সরকারি হাসপাতালে পাঠিয়েছে।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।

Share this news as a Photo Card