সেনাবাহিনীর পরিসর বৃদ্ধির প্রক্রিয়া জোরদার করছে রাশিয়া

রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করেছে রাশিয়া।

১ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১ লাখ ৪৭ হাজার রুশ তরুণকে সামরিক বাহিনীতে এক বছরের বাধ্যতামূলক যোগদানের আদেশে সই করেন।

২০২২ সালের বসন্তকালীন মিলিটারি সার্ভিসের সময় এ সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার।

এ বছর তরুণদের কাছে সামরিক বাহিনীকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একটি বিজ্ঞাপনী প্রচারও চালিয়েছে কর্তৃপক্ষ।

কেবল বাধ্যতামূলক এক বছর নয়, বরং সামরিক বাহিনীতে তাঁদের চুক্তিভিত্তিক যোগদানে আগ্রহী করে তোলাই এর উদ্দেশ্য।

মার্কিন এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া চার লাখের মতো চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করে তাঁদের ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠাতে চায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ইউক্রেনে আরও বেশি সেনা নিয়োগ এবং মোতায়েনের পরিকল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

রুশ সেনাবাহিনীর সেনা মোতায়েন বিভাগের প্রধান ভ্লাদিমির সিমলিয়ানস্কি বলেন,

‘আমাদের নতুন করে আরও সেনা পাঠানোর পরিকল্পনা নেই। যাদের এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা স্বেচ্ছায় বিশেষ অভিযানে গেছে, তারাই এ জন্য যথেষ্ট।’

নোভোসিবিরস্কের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক সের্গেই চেরনিশভ জানিয়েছেন,

স্থানীয় কর্মকর্তারা স্কুলের ছাত্রদের মধ্যে প্রচারের জন্য সামরিক বাহিনীতে যোগদানের বিজ্ঞাপন পাঠিয়েছেন।

চেরনিশভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারপত্র শেয়ার করেছেন।

প্রচারপত্রে তরুণেরা রুশ সামরিক বাহিনীতে যোগ দিলে কী কী সুবিধা পাবেন, তার বর্ণনা দেওয়া আছে।

নিয়োগের এই প্রক্রিয়া সম্পর্কে চেরনিশভ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লেখেন, ‘সরকারি কর্মকর্তারা আমার মতে এই বিপণন প্রচারণার জন্য ভুল লক্ষ্যকে বেছে নিয়েছে। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে সামরিক সেবা দেবে। তাদের পড়াশোনা ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে বলাটা পাগলামি।’

সংবাদমাধ্যম টাইগা জানিয়েছে, একই ধরনের প্রচারপত্র নোভোসিবিরস্ক শহরের বিভিন্ন বুলেটিন বোর্ড, বাড়ির দরজা এবং সিঁড়িতে রেখে আসার জন্য শহর পরিচালনা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card