গার্লিক বিফ তৈরির রেসেপি

আসন্ন কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই। তাই ঈদের প্রস্তুতি হিসেবে আগেই গরুর মাংসের সহজ একটি রেসিপি জেনে নিতে পারেন।

গরুর মাংসের সহজ সুস্বাদু যেসব খাবার রয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি রেসিপি হলো গার্লিক বিফ। ঈদের দিন বাড়িতে রান্না করে নিতে পারেন গরুর মাংসের গার্লিক বিফ।

গার্লিক বিফ রান্না করা বেশ সহজ। ঝালপ্রিয় মানুষের পছন্দের মাংসের আইটেম এটি। আসুন জেনে নিই, সুস্বাদু খাবারটি তৈরির সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: রেসিপিটি বাড়িতে তৈরি করতে লাগবে গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ কাপ, মরিচ গুঁড়া ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, রসুনের কোয়া ৬/৭টি, লাল ও সবুজ ক্যাপসিকাম টুকরা ১/২ কাপ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা-চামচ, টমেটো সস আধা কাপ, টকদই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ ও লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন: গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, তেল, টকদই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণসহ সব মসলা নিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে লাল ও সবুজ ক্যাপসিকাম, মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে টমেটো সস, কাঁচা মরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

এনএএন টিভি