ঈদের আগের দিনে ট্রেনে স্বস্তিতে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। রেলে চাপ কমে যাওয়ায় স্টেশনের অবস্থাও ছিল স্বাভাবিক দিনের মতোই।
বুধবার (২৮ জুন) সকালে কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রার এমন চিত্র দেখা গেছে।
সকাল ১০টার দিকে দেখা যায় সঠিক সময়ই স্টেশনের ৭ নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস।
প্লাটফর্মে ট্রেন প্রবেশ করলে শুরুর দিকে ট্রেনে উঠতে একটু তাড়াহুড়ো থাকলেও কিছুক্ষণ পরে স্বাভাবিক ভাবেই ট্রেনে উঠে মানুষ।
একতা এক্সপ্রেসে দিনাজপুরগামী মইনুল বলেন,
‘আমরা স্বস্তিতেই বাড়ি যেতে পারছি। সকালে ট্রেন এমন স্বাভাবিক থাকবে আমরা ধরনাও করতে পারিনাই।’
রিয়াজুল নামের আরেক যাত্রী বলেন,
‘বৃষ্টিতে ভিজে স্টেশনে আসতে কিছুটা ভোগান্তি হয়েছে। ট্রেনে খুব স্বাভাবিক ভাবে উঠতে পেরে ভালো লাগছে। আশা করি স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবো।’
এর আগে, মঙ্গলবার (২৭ জুন) দিনভর প্ল্যাটফর্মে যাত্রীর চাপ বেশি দেখা গেছে।
উত্তরাঞ্চলের কিছু ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে যাত্রীদের। স্টেশনে কর্তব্যরতরা নামিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা ছাদেই ভ্রমণ করেন।
সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন,
‘আপনারা দেখছেন আজ ট্রেনে ভেতরে অনেকটাই ফাঁকা। সবাই যার যার সিটে বসে যাচ্ছে। গতকাল কিছুটা চাপ ছিল। আজকে তেমন চাপ নেই।’
‘দুই একটি ট্রেনে ২-১ ঘণ্টা দেরিতে ছেড়েছে। অধিকাংশ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। সবমিলিয়ে এবার স্বস্তিতেই বাড়ি যাচ্ছে মানুষ।’
এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ৫৩ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করছে।
এসব আন্তঃনগর, লোকাল মিলে ট্রেনে প্রতিদিন প্রায় ৫০ হাজারের বেশি যাত্রী ঢাকা ছাড়ছে।
উল্লেখ্য, গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট।
একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসেবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট।
২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

Comments are closed.