জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমানকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর জামায়াত আমীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে এদিন দুপুর ১টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আরও ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক আবুল বাশার। অপরদিকে জামায়াত আমীরের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে ওই রিমান্ড আদেশ দেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস দমন আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে আসামির ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল জামায়াত আমীরকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
