পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা নতুন ডিএমপি হিসেবে নিয়োগ পেয়েছেন

অবশেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই পুলিশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন আলোচনায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলাম ফারুককেই ডিএমপির প্রধান হিসেবে বেছে নিয়েছে সরকার।

রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়। আগামী ২৯ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে।

বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন খন্দকার গোলাম ফারুক। এতোদিন তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার জন্ম ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে।