জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই জনসমাবেশে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। কখনো মেঘলা আকাশে আড়াল হয় সূর্য, কখনো হঠাৎ ছিটে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি জনতা। বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দেড়টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।
ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস
বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এর আগে সংসদ ভবনের উল্টো দিকের সেচ ভবনের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে মঞ্চের চারপাশে রাখা হয়েছে পানি নিরোধক ব্যবস্থা।
দিনভর সাংস্কৃতিক আয়োজন
সকাল ১১টা থেকে শুরু হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর গান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানমালার। এরপর একে একে পরিবেশনায় অংশ নেয় কলরব, নাহিদ হাসান, তাশফি, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, এসোলস, ওয়ারফেজসহ জনপ্রিয় অনেক শিল্পী ও ব্যান্ড।
বিকালে ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় পারফর্ম করবেন এলিটা করিম। রাত ৮টায় মঞ্চ মাতাবে আর্টসেল। বিশেষ আকর্ষণ হিসেবে রাত ৭টা ৩০ মিনিটে থাকছে ‘ড্রোন ড্রামা’।
ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, জুলাই জাগরণ আমাদের আত্মার প্রশ্ন। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টি মোকাবিলায় কিছু প্রাথমিক প্রস্তুতির কথাও জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য।
বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে পড়লেও মানুষের স্রোত কমেনি বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার নিচেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান।
বৃষ্টিভেজা এই সমাবেশ যেন হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিবাদ—যেখানে প্রাকৃতিক বাধাও প্রতিরোধ করতে পারছে না মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষাকে।

2 Replies to “বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল”
Comments are closed.