শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আটককৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্তে তাদের আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রেরণ করেছেন। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেছেন।
কাদের বলেন, নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত ব্যক্ত করছেন। আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন (সুযোগ) ব্যবহার না করতে পারে সে জন্য সবার সচেতন থাকা সমীচীন।
ওবায়দুল কাদের বলেন, ‘অযথা শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা নিতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তাদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক চাই না।’
রোববার থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। কাদের বলেন, ‘নাগরিক সমাজ প্রতিবাদ করতেই পারেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে উসকানি দিতে না পারে, এজন্য সকলের দায়িত্বশীল হওয়া উচিত।’
জামায়াত–শিবিরকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান কাদের। তিনি বলেন, ‘ঢালাও ভাবে কারো বিরুদ্ধে মন্তব্য করতে চাই না। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার কারন তারা সন্ত্রাসী সংগঠন। আমরা ঢালাওভাবে কাউকে দালাল বলি না, বলা উচিতও না।’
