রাজধানী যাত্রবাড়ীতে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে দুপুরে দেওয়া তিন দিনের রিমান্ডের আদেশ বিকেলে স্থগিত করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত রিমান্ড স্থগিত করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম মিয়া তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। নূরুল ইসলামের পক্ষে ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালতকে অবহিত করেন, তিনি ৬ নং আসামি। ইতিমধ্যে তিনজন আগাম জামিন পেয়েছেন। তাঁর বিষয়ে শুনানির আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজকে আছে। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এরপর বিকেলে নূরুল ইসলামের আইনজীবী মনিরুজ্জামান রানা রিমান্ড স্থগিতের আবেদন করেন। তিনি বলেন, ‘হাইকোর্টে তাঁর জামিন শুনানি শেষ হয়েছে। আগামীকাল জামিনের বিষয়ে আদেশের জন্য রাখা হয়েছে।
এদিকে, যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আগামি ২২ সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলিতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মো. নূরুল ইসলাম সুজন রেলের সাবেক মন্ত্রী। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।
