হজ্জ্বের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ ও বেসরকারিভাবে ৬৭ হাজার ৫৫৪ জন। হজে গিয়ে ইন্তেকাল করেছেন সর্বমোট ১১ জন। এদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী।

সোমবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে,

‘সোমবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।’

‘সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা ও আরাফায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।’

উক্ত সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশ থেকে আগত হজ আইটি টিমের সদস্যবৃন্দ দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থা (মোয়াচ্ছাছা) এর সাথে একটি জরুরি সভায় মিলিত হয়।

সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতের মানচিত্র প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।

অপরদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card