শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে বিশ্বের ১৮৪ বিশিষ্ট ব্যক্তির খোলাচিঠির প্রতিক্রিয়ায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন
এনএএন টিভির ব্যবস্থাপক পরিচালক সাবিহা মুবাশশির নিলয় এবং আরও ৫০ জন সম্পাদক।
এই ৫০ জন বিশিস্ট সম্পাদক এক যৌথ বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে
প্রধানমন্ত্রীর প্রতি বিদেশিদের খোলা চিঠির প্রতিবাদ জানিয়েছে । বিবৃতিতে তারা এই চিঠিকে ‘স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শ্রমিক অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিতে সম্পাদকরা বলেন,
‘গত ২৮ আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সম্মানিত সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া একটি খোলা চিঠিতে
বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
এটি একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
বাংলাদেশের সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন উল্লেখ করে সম্পাদকরা বলেন,
‘এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে তারা (বিদেশিরা) অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি।’
এনএএন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয় বিবৃতিতে বলেন,
‘একজন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা ও বিচার করা যাবে না এমন দাবি ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী। ‘আমরা মনে করি, তারা (বিদেশিরা) মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবি করেছেন। তাই তারা অথবা তাদের প্রতিনিধি এসে মামলায় ড. ইউনূসকে আদৌ হয়রানি করা হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণ করতে পারেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই আহ্বান জানিয়েছেন এবং আমরা তা সমর্থন করি।’
বিবৃতিতে এনএএন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয় এবং বাকি সম্পাদকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের যে আহ্বান জানিয়েছেন,
তার প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, ‘একই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে,
তা স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ যেকোনো মহলের
এ ধরনের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না।’
সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা ও শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানান
এনএএন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়সহ ৫০ সম্পাদক।

Comments are closed.