প্রধানমন্ত্রী সচিবদের উদ্দ্যেশে যে নির্দেশ দিলেন

নতুন সরকার গঠনের পর আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিবদের প্রথম সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে সরকারের সচিবদের দায়িত্ব পালন  করতে ।

সভা শেষে মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘আজকের সভায় সব সচিব উপস্থিত ছিলেন। সচিব পদমর্যাদায় অন্য দপ্তরের যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি।’

মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে।’

মন্ত্রীপরিষদ সচিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্সের’ কথা বলেছেন। তিনি বলেছেন, দুর্নীতি দমনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) নয়। দুর্নীতি নিরসন ও প্রতিরোধের দায়িত্ব প্রতিটি মন্ত্রণালয়েরও। তাই যেখানে যেখানে ‘সার্ভিস পয়েন্ট’ আছে, সেখানে নজরদারি বা ভিন্নতর কৌশল অবলম্বন করে যে প্রক্রিয়া নেওয়া দরকার, তা নিয়ে দুর্নীতি দমন করতে হবে।

আজ সকাল ১০টায় শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার বৈঠকে সব সচিব এবং বিভিন্ন দপ্তরে সচিব পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫-১৬ জন সচিব আলোচনায় অংশ নেন এবং ১১ জন প্রস্তাব দেন।

 

এনএএন টিভি