সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী, মৃত্যু হয়েছে ১০ জনের

এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি-বেসরকারি ১৭১টি ফ্লাইটে তারা কাবাঘরের দেশটিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৩৬০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯৪৩টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানায় হেল্প ডেস্ক। চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

হেল্প ডেস্কের তথ্য মতে, ১৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৯টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ পুরুষ ও এক নারী। তারা হলেন জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০), চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩), রংপুরের পীরগঞ্জের সাহেব উদ্দীর (৬৯) ও চাঁদপুরের কচুয়া উপজেলার বশির হোসেন (৭৪)।

এনএএন টিভি