তখন বেলা ১১টা ১৫ মিনিট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে মানুষের জটলা। এ সময় নীল রঙের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে হাজতখানার ভেতর থেকে বের হয়। প্রিজন ভ্যানটি তখন দ্রুত গতিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ছুটতে থাকে।
গাড়িটি যখন সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে, তখন প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে দেখা যায়। তিনি প্রিজন ভ্যানের ভেতরেই আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তাঁর এক স্বজনের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন। তখন প্রিজন ভ্যানের ভেতরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুই হাত প্রসারিত করে গাড়ির ভেতর দাঁড়িয়ে ছিলেন তিনি।
হাসানুল হক ইনু তখন আদালতে চত্বরে দাঁড়িয়ে থাকা তাঁর আইনজীবী ও স্বজনদের প্রিজন ভ্যানের ছোট্ট লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন। হাসানুল হক ইনুর পাশে প্রিজন ভ্যানে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনিও আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তাঁর স্বজনদের প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন।
প্রিজন ভ্যানটি যখন সিমএমএম আদালতে প্রবেশের প্রধান ফটক পেরিয়ে পুরোনো ঢাকার রায়সাহেব বাজারে সড়কে আসে, তখন দেখা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পিজন ভ্যানের ভেতরে চুপ করে এক কোনায় বসে আছেন। তাঁর পাশে বসে আছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। আনিসুল হক ও আতিকুল ইসলাম দুজনে কেউ কোনো কথা বলছেন না।
প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। তিনি পরেছিলেন সাদা রঙের পায়জামা ও পাঞ্জাবি। আবদুস সোবহান গোলাপের পাশে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে ছিলেন হাসানুল হক ইনু। তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন সায়েদুল হক সুমন। তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, ‘প্রতিশোধের আগুনে খালি আমরা পুড়তেছি না, পুরো দেশটা পুড়াই ফেলছেন।’
সায়েদুল হক সুমন যখন চিৎকার করে এসব কথা বলছিলেন, তখন উল্টো পাশের প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিলেন সাবেক সংসদ সদস্য সাদেক খান। প্রিজন ভ্যানটি তখন দ্রুত গতিতে রায়সাহেব বাজার মোড় হয়ে নয়াবাজারের দিকে এগোতে থাকে।
এর আগে সকাল আটটার দিকে রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করেই সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়।
সকাল ১০টার দিকে তাঁদের হাজতখানার ভেতর থেকে বের করে আদালতকক্ষে নেওয়া হয়। তখন আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সৈয়দ সায়েদুল হকদের প্রত্যেকের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। মাথায় ছিল পুলিশের হেলমেট। বুকে বুলেটপ্রুফ জ্যাকেট।
সায়েদুল হক সুমনকে যখন আদালতকক্ষে নেওয়া হচ্ছিল তখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন, ‘প্রতিশোধের আগুনে কেবল আমরা পুড়তেছি না, পুরো দেশ পোড়ায় দিয়েছেন।’
আজ সোমবার পৃথক পৃথক হত্যা মামলায় আনিসুল, ইনু, মেননদের গ্রেপ্তার দেখানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীদের রাখার জন্য বিশেষ কারাগার চালু হয়েছে। কাশিমপুরসহ অন্য কারাগারে থাকা আসামিদের কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়েছে।
