এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এনসিপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এনসিপিতে যোগ দেন।

একই অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিয়েছেন।

এছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা-ও এনসিপিতে যোগ দেওয়ার কথা বলেন। তবে বিদেশে থাকায় অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকতে পারেননি তিনি।

এই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এনসিপিতে আজ যোগ দেওয়া ইসহাক সরকারসহ অন্যদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম।

এর আগে, গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন।