বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ।
শনিবার (০৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই কাউন্সিলে সরাসরি ভোটে চিকিৎসকরা তাদের নেতা নির্বাচন করবেন। এদিন ভোটগ্রহণ শুরু হবে দুপুর ১টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
তার আগে আজ সকাল সাড়ে ১০ টা থেকে কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গনে ড্যাবের জাতীয় সম্মেলন শুরু হয়েছে । এতে প্রধান অতিথি থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ছয় বছর পর এ ভোট হচ্ছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদে দাঁড়িয়েছেন যথাক্রমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি ও মহাসচিব প্রার্থী যথাক্রমে শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক আবদুস সাকুর খান।
ডা. শাকিল তিন পর্বের নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রথম পর্বে স্বল্পমেয়াদি (১-৩ বছর) এর মধ্যে রয়েছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচির ২৬তম ধারার আলোকে ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সার্বজনীন চিকিৎসাব্যবস্থা’ কার্যকর করতে বদ্ধপরিকর। চিকিৎসক, রোগী সম্পর্ক: আস্থা ও সমঝোতার মাধ্যমে গুণগত চিকিৎসা; স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীর সুরক্ষা ও রোগীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন ও কার্যকরি ব্যবস্থা। সরকারি চিকিৎসকদের জন্যে সুষম পদোন্নতি ও বদলি নীতিমালা, চাকরির ভবিষ্যৎ পরিকল্পনা নীতিমালা ও বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে মেডিকেল কারিকুলামসহ প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা দেওয়া। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সুযোগ সৃষ্টি ও সেবার গুণগত মান উন্নয়ন। এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েশন এবং নার্সিং শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে রূপান্তরকরণ। ইউনিয়ন সাব-সেন্টারের মানোন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ।
সঠিক রেফারেল সিস্টেম বাস্তবায়ন। প্রয়োজনীয় ঔষধ নীতির সময়োপযোগী পরিবর্ধন ও কার্যকর বাস্তবায়ন এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। বেসরকারি স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাবনা। ড্যাবের চিকিৎসকরা একটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন ড্যাবের নিজস্ব স্থায়ী অফিস স্থাপন। চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করা।
চিকিৎসকদের পেশাগত কাজে পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে পেশাগত প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা আদান-প্রদানের জন্য বিদেশি চিকিৎসকবৃন্দের বাংলাদেশে আইনগতভাবে বিএমডিসি’র অনুমতিক্রমে কাজ করার সীমাবদ্ধতা দূরীকরণ। ডক্টরস ওয়েলফেয়ার ফান্ড গঠন ও চিকিৎসকদের সহযোগিতা করা। সরকারি চাকরির ক্ষেত্রে চিকিৎসকদের বয়স সীমা ৩২ থেকে ৩৪ বছর করা ও বেকার চিকিৎসকদের চাকরিতে নিয়োগের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা।
মধ্যমেয়াদি (১-৫ বছর) পরিকল্পনার মধ্যে আছে- স্বাস্থ্য কার্ড প্রবর্তনের প্রস্তাবনা। স্বাস্থ্যসেবা ব্যবস্থার অটোমেশন। বিগত ১৫ বছরে বঞ্চিত যোগ্যতম চিকিৎসকদের সরকারি ও বেসরকারি খাতে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা। দীর্ঘদিন বঞ্চিত চিকিৎসকদের বয়স অতিক্রান্ত বিধায় চাকরিতে তাদেরকে নিয়োগে কার্যকর ব্যবস্থা গ্রহণ। দুর্নীতিমুক্ত চাকরির নীতিমালা ও মেধাভিত্তিক পদোন্নতির ব্যবস্থাকরণ।
দীর্ঘমেয়াদি (১-১০ বছর) পরিকল্পনার মধ্যে আছে- চিকিৎসা সেবা ব্যবস্থাপনার পুনঃবিন্যাস ও স্বাস্থ্য বীমা চালুকরণ।
এ ছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘আমরা কাউকে সদস্য পদ থেকে বাদ দিইনি। এ নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। যাদের সদস্যপদ বাতিল হয়েছে তারা ফ্যাসিবাদের সহযোগী। এ নিয়ে পরবর্তীতে ড্যাবের নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম শেষ করেছেন।’
মৃত ব্যাক্তিকে সদস্য রাখার তিনি বলেন, ‘পৃথিবীর কোনো ভোটার তালিকা কিন্তু নির্ভুল নয়। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কাউন্সিল হতে যাচ্ছে। যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের মাধ্যমে ড্যাব এগিয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. এমএ সেলিম, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. মো. সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাঈদ মেহবুব উল কাদির, ডা. আদনান মাসুদ ও ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

2 Replies to “আজ ড্যাবের কাউন্সিল ও নির্বাচন,ছয় বছর পর”
Comments are closed.