স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন:সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

সাবেক সিইসির ওপর হামলার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও জড়িত থাকেন, তাকেও ছাড় দেওয়া হবে না।”

এ সময় কৃষিজমি রক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যাতে কৃষিজমি দখল রোধ করা যায়। পাশাপাশি আমাদের দেশি ফলগুলোর অস্তিত্ব রক্ষা করতে হবে। অনেকে সচেতন না থাকায় দেশি জাতের অনেক ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে উৎসাহিত করতে হবে যেন বেশি করে দেশি ফলের গাছ লাগানো হয়।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার (এ কে এম নূরুল হুদা) ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখব কারা জড়িত। এর সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব।’

এ সময়ে উপদেষ্টার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম প্রমুখ।

এর আগে, সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীর আলম চৌধুরী মৌচাক হর্টিকালচার সেন্টারে আসেন। পরে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন ও জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

 

এন এ এন টিভি