দেশে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, ‘নওগাঁয় র্যাব এক নারীকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে, নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘যে র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, সেই র্যাবের বিরুদ্ধে আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ।’
‘নিষেধাজ্ঞার পর নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে গিয়েছিল। এখন তা আবার শুরু হয়েছে। কারণ, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের পুরস্কৃত করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।’
সোমবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযোদ্ধা গণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে সরকার অধিষ্ঠিত তা একাত্তরের পাক বাহিনীর প্রেতাত্মা। এরা সাধারণ মানুষের কথা ভাবে না।
৭২ সালেই এদের আসল মুখোশ খুলে গিয়েছিল। আওয়ামী লীগ মনে করে তারা একাই যুদ্ধ করেছে।’
‘আওয়ামী লীগ শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীদের নাম স্মরণ করে না।
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম তো উচ্চারণই করতে চায় না। বরং তাকে আরো দোষ দেয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বলা হচ্ছে, দেশে অর্থনীতির রোল মডেল হয়েছে, অর্থনীতি নয় অনর্থনীতি চলছে, এর মাধ্যমে দেশকে ধ্বংস করা হচ্ছে।
বলা হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগ নেতাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম।’
‘আওয়ামী লীগের একটা কাজ প্রতারণা করা। ২০০৮ সালে ১০ টাকা চালের কথা বলেছে, এখন চালের দাম কত? তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলছে, যুদ্ধ নয় বরং আওয়ামী লীগের ব্যর্থতায় তাদের দুর্নীতিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।
তারা বলে, এত উন্নতি চোখে দেখে না অথচ সাধারণ মানুষের পেটের উন্নতি হয়নি। ঘর দিয়েছে দুই-তিনদিন পরপর ঘর ভেঙে পড়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘পদ্মা সেতুতে ১০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার কোটি টাকা করা হয়েছে।
এখন এক বছর না যেতেই আবার রাস্তা বন্ধ করে পদ্মা সেতুর রিপেয়ারিং শুরু হয়ে গেছে।
