বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি-একাংশ) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার (৮ ডিসেম্বর) তার আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির প্রেস উইং।
এর মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক জোটভুক্তি ও বিএনপির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা রাখা সেলিম এবার সরাসরি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হলেন।
এর আগে গত ২৭ নভেম্বর জানা যায়—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত হোসেন সেলিম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
তিনি গণমাধ্যমকে বলেন,“শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে অতীতে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন। তার ভূমিকা ও নিবেদন বিবেচনায় আগেই বিএনপি তাকে সবুজ সংকেত দিয়েছিল।”
বিএলডিপি (একাংশ) দীর্ঘদিন ধরেই বিএনপি নেতৃত্বাধীন জোটের সহযোগী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ছিল। তবে সেলিমের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিরোধী রাজপথের সমন্বিত আন্দোলনের প্রয়োজনীয়তা বিবেচনায় দলগত অবস্থান থেকে বেরিয়ে এসে বিএনপির পতাকাতলে একীভূত হওয়াটাই সময়োপযোগী সিদ্ধান্ত।
দল বিলুপ্তির পর বিএনপিতে তার আনুষ্ঠানিক যোগদানকে তৃণমূল নেতাকর্মীরাও স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জোট ও সহযোগী দলের কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল। সেলিমের যোগদান সেই ধারাকেই আরও শক্তিশালী করবে। লক্ষ্মীপুর-১ আসনেও তার উপস্থিতি বিএনপির প্রচারণাকে আরও গতি দেবে বলে মনে করা হচ্ছে।
