শুরু থেকেই পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে আসেনি প্রত্যাশামতো রান। সঙ্গে নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। তাতে চাপ বেড়েছে মিডল অর্ডারদের। কিন্তু সেই চাপ তারা আর সামলে উঠতে পারেননি। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ৮৯ রানের হার দিয়ে শুরু হলো স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারেই অজিরা হারায় ডেভিড ওয়ার্নারকে। নিজেকে অভাগা ভাবতেই পারেন তিনি। গুড লেংথের বলটি তিনি সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু প্রথমে তা প্যাডে লাগে। পরে বলটি পেছনে গিয়ে তার ব্যাটে লেগে সোজা আঘাত করে স্টাম্পে। তাতে ওয়ার্নারকে ফিরে যেতে হয় দলীয় ৫ রানেই।
এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৫ ওভারের মধ্যেই আউট হয়ে যান তিন টপ অর্ডার। তাতে বলের সঙ্গে বাড়তে থাকে রানের ব্যবধান। যা আর কুলিয়ে উঠতে পারেননি অজি ব্যাটাররা। ফলে ১১১ রানেই তারা থেমে গেলে ৮৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।
অজিদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করে গ্ল্যান ম্যাক্সওয়েল। তিনটি চার ও একটি ছক্কায় ২০ বলে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া প্যাট কামিন্স ১৮ বলে ২১ রান করেন। কিউইদের টিম সাউথি ও মিচেল সেন্টার নেন তিনটি করে উইকেট। ট্রেন্ট বোল্ট শিকার করেন আরও দুই উইকেট।
