৮৫ মিনিটে পেনাল্টি মিস করেন হ্যারি কেইন। ওই মিসেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অথচ ৫৩ মিনিটে দুরন্ত এক পেনাল্টিতে ম্যাচে সমতা এনেছিলেন ইংলিশ অধিনায়ক কেইন। পেনাল্টি মিসের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এদিন হ্যারি কেইনের পেনান্টি মিসে এমবাপ্পের মুখে চওড়া হাসি দেখা যায়। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়েছে।
শনিবার দিবাগত রাত একটায় শুরু হওয়া ম্যাচের ১৭ মিনিটে ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন চুয়ামেনি ১০৮ কিলোমিটার গতির দুরন্ত শটে। ৭৮ মিনিটে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন অলিভার জিরুদ। আসরে এটা তার চতুর্থ গোল। ৫ গোল করে সবার ওপরে স্বদেশি কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির গোল ৪টি। গতকাল দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কো ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে। ১৪ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।

Comments are closed.