আচমকা হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ঘোষণার মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের পথচলা।
এদিকে, তামিম ইকবালের অবসরের এই ঘোষণায় ব্যথিত এবং হতভম্ব ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিমের সংবাদ সম্মেলনের একটি ছবি পোস্ট করে তার উদ্দেশে খোলা চিঠি লেখেন সিয়াম।
এনএএন টিভি-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো —
‘প্রিয় তামিম ভাই,
‘আপনি দেশকে দীর্ঘ ১৬ বছর ধরে সার্ভ করেছেন। কত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের!
জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কায় নিজের আবির্ভাবের জানান দেয়া, লর্ডসের অনার্স বোর্ডে বলেকয়ে নিজের নাম ওঠানো,
এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের বন্যা বইয়ে দেয়া, ভাঙা হাত নিয়ে সেই অসামান্য বীরত্ব- কোনটা রেখে কোনটার কথা বলব?
খেলাটার প্রতি আপনার প্যাশন, আপনার আবেগ সব সময়ই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
হ্যাঁ, আপনি পারফেক্ট ছিলেন না। আমরা কেউই তো পারফেক্ট না।
আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ।
কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে।
এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে।
এখন পরিবারকে সময় দিন। সব কিছু থেকে বিরতি নিয়ে কামব্যাক করুন বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই।
আরও অনেক কিছু দেয়ার আছে আপনার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ইতি
বাংলাদেশের একজন ক্ষুদ্র ক্রিকেট সমর্থক।
এদিকে, তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
বৃহস্পতিবার (৬ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসরের ঘোষণাকে বড় ধাক্কা বলে অবহিত করেছে আইসিসি।
আইসিসি তামিমের অবসর নিয়ে তাদের বিবৃতিতে লিখেছে, ভারতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি বড় ধাক্কা খেয়েছে,
অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ইকবাল।
