নিষেধাজ্ঞা মুক্ত সাকিব, যা জানাল বিসিবি

গত বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আম্পায়াররা। এরও বেশ কিছুদিন পর বিষয়টি সামনে আসে। সাকিব এরপর দুই দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অকৃতকার্য হলে সব ধরণের ক্রিকেটে বোলিং করায় তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। যে নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলকে বিদায় জানানোর ইচ্ছা পূরণ হয়নি তার। অবশেষে তৃতীয়বার পরীক্ষা দিয়ে পাস করলেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের ক্যারিয়ারের আক্ষেপ হয়েই থাকবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় সব ধরণের ক্রিকেটে বল করায় নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে বিবেচনা করেননি জাতীয় দলের নির্বাচকরা। ফলে টুর্নামেন্টটা না খেলেই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানতে হয়েছে তাকে। তবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়াটাও কম স্বস্তির নয়।

ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন সাকিব। সব ধরণের ক্রিকেটে বল করায় আর কোনো বাধা নেই এই অলরাউন্ডারের। সাকিবের বৈধতা ফিরে পাওয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

এনএএন টিভি