বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বুধবার অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় তাকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে, বোর্ড সভার শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।

আগে থেকেই ধারণা করা হচ্ছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে হলোও তাই।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন পাপন। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একরকম অসম্ভবই বলা চলে। এ কারণে পদত্যাগ করেছেন পাপন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হয়েছে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হয়েছে।

আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হয়েছে। একদিন আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card