গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এবারও বাংলাদেশকে নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঋতুপর্ণা চাকমা। সেই ঋতুপর্ণাকে এবার বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাঙামাটিতে ঋতুপর্ণাদের বাড়িটি জীর্ণশীর্ণ হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শনিবার দিবাগত রাতে বিসিবিতে পরিচালকদের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, ঋতুপর্ণার গ্রামে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্তটি তাদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঋতুপর্ণার রাঙামাটি জেলার স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিস চূড়ান্ত করেছে বিসিবি। সব মিলিয়ে এই বাড়ি তৈরিতে ১৮ লাখ টাকা বরাদ্দ রেখেছে ক্রিকেট বোর্ড। গত মাসে মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।
মেয়েদের এমন সাফল্যের যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। এ জন্যই তাকে বাড়িটি উপহার দিচ্ছে বিসিবি।
ছোটবেলায় বাবাকে হারানো এই ফুটবলার তার একমাত্র ছোট ভাইকেও হারান বছর তিনেক আগে। বড় তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পর ঋতুপর্ণাদের গ্রামের বাড়িতে তিনি ও তার মা থাকেন। ঋতুর আয়েই চলে সংসার। তার মায়ের অসুস্থতার পেছনেও অনেক ব্যয় হয়। ফলে নিজের বাড়ির চেহারা বদলানোর মতো অর্থ জোগাড় করা হচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল তারকার। বিসিবি তার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।
শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে ঋতুপর্ণার স্বপ্ন। তার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
