বাংলাদেশ প্রিমিয়ার লিগের বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে মঙ্গলবার (১২ আগস্ট) কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে মাঠে নামবে কিংস। সব কিছু ঠিক থাকলে এ ম্যাচেই প্রথমবার কিংসের জার্সিতে দেখা যাবে ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারকে।
গত মাসের শেষ দিকে সবার অগোচরে বড় এক চমক দেয় কিংস।
ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব–২১ দলের ফুটবলার কিউবাকে দলে টেনে নেয় তারা। ১০ আগস্ট সকালে দোহায় গিয়ে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি, আর সেদিন রাতেই নেমে পড়েন অনুশীলনে।
২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে কিউবাকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় কিংস। চ্যালেঞ্জ লিগের এই ধাপ শেষে তিনি বাংলাদেশে ফিরে লিগে কিংসের হয়ে খেলবেন।
কিউবা মিচেল ঢাকায় কিংসের হয়ে অনুশীলন করেননি। শনিবার তিনি সরাসরি কাতারে পৌঁছান। সেখানেই তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানালেন, বয়স কম হলেও মিচেল দক্ষ ফুটবলার। আমরা তাকে নিয়ে আশাবাদী। কাতারে যেতে পারেনি। আমাকে জানানো হয়েছে সবাই মিচেলের অনুশীলন দেখে মুগ্ধ। দলের হয়ে বড় ভূমিকা রাখতে পারবে। আমি ভিডিওতে ওর অনুশীলন দেখলাম। সত্যিই ওকে আলাদা মনে হয়েছে। শুরুতে দলের সঙ্গে মানিয়ে নিয়ে মিচেল ভালো খেলবে আশা রাখি। মিচেল ছাড়াও আজ কিংসে অভিষেক হতে পারে বিদেশি তিন ফুটবলার টনি, সানডে ও রাফায়েলের। কিংসের জার্সিতে তাদের অভিষেক কেমন হয় সেদিকেও নজর রাখবেন ফুটবলপ্রেমীরা। নতুন কোচ সার্জিও ফারিয়াসেরও অভিষেক আজ।
