ভারত-পাকিস্তানে সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত হয় আইপিএল। দুই পক্ষের যুদ্ধ বিরতির পর মেগা ফ্র্যাঞ্চাইজি আসরটি পুনরায় চালু করতে আলোচনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলের শেষ ধাপের বাকি ম্যাচগুলোর সময়সীমা চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় সরকার এবং সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে তারা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, বোর্ড লিগের রোড ম্যাপ তৈরি করার জন্য একটি সভা করার আগে আগামী ৪৮ ঘন্টা ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।
চারটি প্লে অফ সহ এবারের আইপিএলে মোট ষোলটি ম্যাচ বাকি আছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘বিসিসিআই গতকাল সাত দিনের জন্য আইপিএল স্থগিত করেছে এবং আজ আমরা দ্বিতীয় দিনে রয়েছি, আরও পাঁচ দিন বাকি আছে। বিসিসিআই পরিস্থিতির ক্রমবিকাশ এবং ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইপিএলের সকল অংশীদার এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পরেই আইপিএল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
বিসিসিআই সচিব জানান, ‘লিগ পুনরায় চালুর আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, আমরা ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর এবং অবশিষ্ট ম্যাচগুলির আয়োজক রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করব।’
যুদ্ধ বিরতি হলেও আইপিএল ফের চালু করতে ভারত সরকারের অনুমিতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।
বিসিসিআই শুক্রবার (৯ মে) লিগ স্থগিতের ঘোষণা করে, তার আগের রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটি ম্যাচ মাঝ পথে পরিত্যক্ত করতে বাধ্য হয়েছিল নিরাপত্তার কারণেই।
