শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজেও অনিশ্চিত রোহিত

বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজে পাওয়া চোট সারছেই না রোহিত শর্মার।

সাকিব আল হাসানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।

এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্ডিক পান্ডিয়া।

পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, রোহিতের চোট সারতে সময় লাগবে।

লোকেশ রাহুল টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিলেও টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হতে পারেন হার্ডিক পান্ডিয়া।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান রোহিত।

সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাকে। ফিরে এসে ফিল্ডিং না করলেও ব্যাট করতে নেমেছিলেন তিনি।

অর্ধশতরান করলেও ভারতকে জেতাতে পারেননি।

এরপর তৃতীয় এক দিনের ম্যাচে না খেলেই মুম্বাই চলে যান রোহিত। টেস্ট সিরিজেও ফিরতে পারেননি তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রোহিতের না থাকার পিছনে যদিও শুধু চোট কারণ নয় বলে মনে করছে পিটিআই।

তাদের মতে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে ভাবছে না বোর্ড।

তাই টি-টোয়েন্টি সিরিজগুলো থেকে ধীরে ধীরে রোহিতকে সরিয়ে দেওয়া হতে পারে।

হার্ডিক পান্ডিয়াকে শুধু টি-টোয়েন্টি নয়, সাদা বলের অধিনায়কও করা হতে পারে।

রোহিতকে বাদ দেওয়ার অন্যতম কারণ অবশ্যই ইনজুরি।

বিরাট কোহলির পর সব ধরনের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক করার পর থেকে এখনও পর্যন্ত মাত্র দু’টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

একাধিক সাদা বলের ম্যাচ খেলতে পারেননি চোটের জন্য।

তাই হার্ডিক তৈরি থাকলে বোর্ড খুব তাড়াতাড়ি তার হাতে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব তুলে দিতে পারে।

শিগগিরই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দেশের মাটিতে আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে ওই টি-টোয়েন্টি সিরিজ।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে ৩, ৫ এবং ৭ জানুয়ারি।

একদিনের সিরিজ শুরু ১০ জানুয়ারি থেকে। তিন ম্যাচের সেই সিরিজে পরের দু’টি ম্যাচ হবে ১২ এবং ১৫ জানুয়ারি।