বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার

পাভেল পদকোলজিনের ফুটবল খেলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খুঁজে না পেলে নামটা গুগল করে ভিডিও পেয়ে যেতে পারেন। দেখে মনে হয়, ফুটবল মাঠে এ কোন দৈত্য!

‘দৈত্য’ বলার কারণ, এমন উচ্চতার ফুটবলার সম্ভবত নেই। পাভেলের উচ্চতা ২.২৬ মিটার, ইঞ্চি–ফুটের হিসাবে ৭ ফুট ৪ ইঞ্চি, শারীরিক গড়নও সুঠাম। একটি ভিডিওতে এমন দেখা গেছে, বলের দখল নিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ওপর চড়াও হন পাভেল। ওই বেচারা বল ছেড়ে তাঁর কোমরটা ধরে সরে গেলেন। পাভেলও পরে নিজে বল হারিয়ে সেই প্রতিপক্ষের পিঠ চাপড়ে একটু সান্ত্বনা দিলেন। আরেকটি ভিডিওতে এমন দেখা গেল, দলের ড্রেসিংরুমের দরজা দিয়ে ঢোকার সময় পাভেলকে মাথা বেশ খানিকটা নিচু করতে হলো। সতীর্থরা ঘাড় উঁচিয়ে অনেকটা আকাশের দিকে তাকানোর মতো করে তাঁর সঙ্গে কথা বলছিলেন।

ভিডিওর গল্প ছেড়ে খবরে ফেরা যাক। পাভেল পদকোলজিন ফুটবলার ছিলেন না। ৪০ বছর বয়সী এই রাশিয়ান খেলতেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল লিগের (এনবিএ) দল ডালাস ম্যাভেরিকসে। বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভুগছেন। এই রোগে অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসরণের কারণে হাড় ও টিস্যুর বৃদ্ধি হয়। এর ফলে হাত, পা, মুখমণ্ডল ও কপাল বড় হয়ে যায়। সে যা–ই হোক, বাস্কেটবল ছেড়ে পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন পাভেল। গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক ঘটে তাঁর।

২০১৮ সালে যাত্রা শুরু করে মিডিয়া ফুটবল ক্লাব আমকাল মস্কো। ক্লাবটির খেলোয়াড়েরা মূলত সেলেব্রিটি হলেও রাশিয়ান কাপ আসরটি পুরোপুরি অপেশাদারদের নয়। রাশিয়ান ফুটবল ইউনিয়নের অনুমতি নিয়ে এখানে পেশাদার ও অপেশাদার খেলোয়াড় একসঙ্গে অংশ নেন। সেই সুযোগেই মাঠে নামলেন পাভেল।

ফুটবল মাঠে নামার মাধ্যমে একটি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার এখন পাভেল পদকোলজিন।
তবে এর আগে সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)। ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিনের উচ্চতা ২.১০ মিটার। আবার জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশের উচ্চতা ২.১৪ মিটার বলে জানিয়েছে অন্য একটি মাধ্যম। কিন্তু ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল। গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার লম্বা তিনি।

এনবিএ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি পাভেল। ২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফটে ২১তম খেলোয়াড় হিসেবে নিয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে ডালাস ম্যাভেরিকসে পাঠানো হয়। ডালাসের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন। পরে দেশে ফিরে রাশিয়ান সুপার লিগে খেলা শুরু করেন।

কালুগার বিপক্ষে ম্যাচে শুরুতে ব্যাকলাইনে খেলেছেন তিনি। ১৯ মিনিট পর তাকে তুলে নেওয়া হয়। তবে একটি কর্নার কিকে হেডে গোলের সুযোগ পেয়েছিলেন পাভেল, অতিরিক্ত লম্বা হওয়ার কারণে সেটি কাজে লাগাতে পারেননি। ম্যাচটি অবশ্য ১–০ গোলে জিতেছে তার দল আমকাল।

ম্যাচ শেষে ‘বাজা নিউজ’কে পাভেল বলেছেন, ‘এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না, কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’

 

এনএএন টিভি