বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আনতে ভারতকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুইশ কোটি টাকার কাছাকাছি। বিশাল অঙ্কের এই অর্থের পুরোটাই এরই মধ্যে পরিশোধ করেছে ভারত। যার ফলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। তবে নভেম্বরে কেরেলায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা নিশ্চিত করেনি এএফএ।
আবারো ভারত পা রাখবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এমন গুঞ্জন সংবাদ মাধ্যমে বেশ লম্বা সময় ধরেই। বিশ্ব চ্যাম্পিয়নদের এই সফর নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছিলো কেরেলা প্রশাসন। তবে অর্থ সংক্রান্ত চুক্তি নিয়ে জটিলতা থাকায় অনিশ্চিয়তা তৈরি হয় স্ক্যালোনি শিষ্যদের ভারত সফর নিয়ে।
ফিফা উইন্ডোতে প্রতিপক্ষের বাইরে তৃতীয় কোনো দেশে ম্যাচ খেলতে মোটা অঙ্কের অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ভারতের ক্ষেত্রেও একই পথে হেঁটেছে এএফএ। সেখানেও ছিল বাড়তি শর্ত। ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পরিশোধ করতে হবে চুক্তির পুরোটাই। ভারত সেটা নিয়ে গড়িমসি করাতেই বেঁকে বসে আর্জেন্টিনা ফুটবল।
আলবিসেলেস্তেরা কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই তাদের ভারতে আনার চেষ্টা করে আসছিল কেরেলা সরকার। প্রদেশটির ক্রীড়ামন্ত্রী আব্দুর রাহিমান সরাসরি যোগাযোগ করেন আর্জেন্টিনার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে। এরপর এএফএ’র সঙ্গে দরকষাকষিতে ঠিক হয় ১৩০ কোটি রুপিতে ভারতে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা।
নিশ্চয়তা পেয়ে ২০২৫’র অক্টোবর উইন্ডো নিয়ে কাজ শুরু করে কেরেলা ফুটবল। বিশাল অঙ্কের অর্থ যোগান দিতে সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। তারাই আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে মধ্যস্থতা করতে থাকে। কিন্তু অর্থ পরিশোধ নিয়ে দু পক্ষের মাঝে বনিবনা না হলে বেঁকে বসে এএফএ।
ফুটবল আর্জেন্টিনা থেকে দাবি করা হয় প্রতিশ্রুত অর্থ নির্ধারিত সময়ে দিতে টালবাহানা করে ভারত। যার ফলে অক্টোবরের উইন্ডোতে সফর স্থগিত করে তারা। কিন্তু পরবর্তীতে চুক্তির পুরো টাকা বুঝে পেলে আবারো কাজ শুরু করে এএফএ।
শনিবার এক বিবৃতিতে লিওনেল মেসিদের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে এএফএ। আসছে নভেম্বর উইন্ডোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তে। যার একটি অ্যাঙ্গোলা এবং অপরটি ভারতের কেরেলায়। যদিও এই সিদ্ধান্ত দেরিতে আসায় আইনি পদক্ষেপে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
ভারতে এসে খেলার বিষয়টি আর্জেন্টিনা চূড়ান্ত করলেও প্রতিপক্ষ হিসেবে কারা থাকবে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে অফ্রিকার কোন দেশের বিপক্ষেই খেলবেন মেসি-মার্তিনেজরা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাদেশে আনার চেষ্টা করেছিলো বাফুফে। তবে আগেই চুক্তির পুরো টাকা পরিশোধ করতে হবে জেনে পিছিয়ে যায় ফেডারেশন।

One Reply to “আর্জেন্টিনা দলকে আনতে বিশাল অঙ্ক খরচ করছে ভারত”
Comments are closed.