গত ১০ দিনেই এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

চলতি বছরের গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। ই-রিটার্ন চালুর পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

গত বছর ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল শুরুর প্রথম ১০ দিনে ২০ হাজার ৫২৩ জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছিলেন। সে হিসেবে এ বছরের ই-রিটার্ন দাখিলের দৈনিক গড় সংখ্যা গত বছরের দৈনিক গড় সংখ্যার প্রায় ৫ গুন

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চলতি বছরের গত ৩ আগস্ট এক বিশেষ আদেশ জারির মাধ্যমে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার (Individual Taxpayers) অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তিতে ১১ আগস্ট বিশেষ আদেশটি প্রতিস্থাপন করে বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণকেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাদকতা থেকে অব্যাহতি দেয়া হয়।

এনবিআর জানিয়েছে, কর পরিশোধে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করতে পারবেন। পরিশোধের পর তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন স্বীকৃতি পত্র ও আয়কর সনদ প্রিন্ট করা যাবে।

তবে নিবন্ধনজনিত সমস্যায় অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করলে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে কাগজে রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআর করদাতাদের সহায়তায় কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) ও www.etaxnbr.gov.bd পোর্টালের ‘eTax Service’ অপশন চালু রেখেছে। পাশাপাশি, করদাতাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে সময়মতো রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এনএএন টিভি