সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কমে যাওয়ার সমস্যায় পড়েছিলেন এর মূল প্রতিষ্ঠান মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গসহ অসংখ্য ব্যবহারকারী। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল থেকে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা হঠাৎই কম দেখাতে শুরু করে ফেসবুক। মার্ক জাকারবার্গের ফলোয়ার ১১ কোটি ৯১ লাখের বেশি থাকলেও তা কমে ৯ হাজার ৯৯৬ জনে দাঁড়ায়।
বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার পরপরই বাংলাদেশের অনেকের ক্ষেত্রে ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ার সমস্যাটির সমাধান হয়েছে।
তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে মেটা’র একজন মুখপাত্র বুধবার দুপুরে বলেন, ‘অনেকে ফেসবুক প্রোফাইলে বিভ্রান্তিকর ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন। যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানে আমরা কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গলের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানায়, গত ৩ ও ৪ অক্টোবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, দ্য হিল, ইউএসএ টুডে ও নিউইয়র্ক পোস্ট তাদের ফেসবুক পেজে অনেক ফলোয়ার হারিয়েছে। এর মধ্যে ইউএসএ টুডে গত সোমবার ১৩ হাজার ৭২৩ এবং মঙ্গলবার ১১ হাজার ৩৯২ ফলোয়ার হারিয়েছে। নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬,২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪,৯৪৪ ফলোয়ার। সোমবার নিউইয়র্ক পোস্ট হারিয়েছে ৮ হাজার ২০০ ও পরের দিন ৪ হাজার ৩৭৮ ফলোয়ার হারিয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্ট তাদের ফলোয়ার হারিয়েছে ৫,৮০৪ জন এবং পরের দিন হারিয়েছে আরও ৪,৩৩৭।
