ব্লু’ টিকের ধারাবাহিকতায় রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা চালু করছে আবার

টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। টুইটারের আয় বাড়াতে নিয়েছেন ‘ব্লু’ টিকে সাবস্ক্রিপশন সুবিধা যোগ করার সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা চালু করল টুইটার।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২০১৯ সালের নভেম্বর মাসে টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার সুবিধা বন্ধ করা হয়। টুইটারের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসি দাবি করেছিলেন, রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভোটারদের প্রভাবিত করে।

স্থানীয় সময় বুধবার ‘টুইটার সেফটি’ থেকে এক টুইটে বলা হয়, আমরা বিশ্বাস করি, ‘বিভিন্ন ‘কারণভিত্তিক’ বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনসাধারণকে আলোচনার সুযোগ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা আজ ‘কারণভিত্তিক’ বিজ্ঞাপনের জন্য আমাদের বিজ্ঞাপন নীতি শিথিল করছি। আমরা আগামী সপ্তাহগুলোতে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো প্রসারিত করার পরিকল্পনা করছি।’

২০২২ সালের অক্টোবরে মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। টুইটার কেনার খরচ মেটাতে তাঁকে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। মাস্কের টুইটার কেনার থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসেন বলে মনে করা হচ্ছে।

ইলন মাস্ক ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। তার আগে ধনকুবের জেফ বেজোস ২০ হাজার কোটি ডলারের মাইলফলক পেরিয়েছিলেন। ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে টেসলার শেয়ারের দর ৬৫ শতাংশ কমেছে।

Share this news as a Photo Card