২০১৬ নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগে ওবামার বিচার দাবি তুলসির

২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তোলার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তৎকালীন শীর্ষ মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার করার আহ্বান জানিয়েছেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।

তিনি এই ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল।

শুক্রবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

তুলসি গ্যাবার্ড বলেছেন, ওবামা এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‌‘একটি দীর্ঘমেয়াদী অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিলেন’ এবং ‘ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করে’ রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন

তিনি দাবি করেছেন, এতে একটি বিতর্কিত নথি ব্যবহার করা হয়েছিল, যা ব্রিটিশ গোয়েন্দা বিশ্লেষক ক্রিস্টোফার স্টিল তৈরি করেছিলেন এবং যেটিকে তারা আগেই অবিশ্বস্ত হিসেবে জানতেন।

তুলসি গ্যাবার্ড বলেছেন, ‘আমরা আজ যে তথ্য প্রকাশ করছি, তা স্পষ্ট করে দেখায় যে ২০১৬ সালে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র করা হয়েছিল। তাদের লক্ষ্য ছিল আমেরিকান জনগণের ইচ্ছাকে অপমান করে প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া।’

তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রে জড়িত প্রত্যেককে তদন্ত করে আইনের সর্বোচ্চ প্রয়োগে বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। দেশের গণতন্ত্র, জনগণের বিশ্বাস এবং আমাদের জাতির ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে।’

তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, তিনি তার দাবির পক্ষে নথি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে জমা দিচ্ছেন। এই নথির মধ্যে রয়েছে ওবামা প্রশাসনের সাইবার হুমকি সম্পর্কিত আংশিক গোপন একটি গোয়েন্দা মূল্যায়ন এবং তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের কার্যালয় থেকে প্রকাশিত কিছু পূর্বের গোপন মেমো।

 

এনএএন টিভি