চকলেট ভেবে আতশবাজি খেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। তার মুখের ভেতরেই আতশবাজির বিস্ফোরণ হয়। ফলে মুখে তৈরি হয় গভীর ক্ষত।
আতশবাজির প্যাকেটটি চকলেটের মতো মোড়কে রাখা ছিল।
ভুল করে ওই তরুণী সেটি খেয়ে ফেলেন। অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘটে মুখের মধ্যেই। ঘটনাটি ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশে।
উ নামের ওই তরুণী নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে ‘শুয়াং পাও’ নামে পরিচিত একটি নির্দিষ্ট ধরনের আতশবাজির মোড়কের সঙ্গে দুধের তৈরি সাদা চকলেটের মিল রয়েছে। সেটি থেকেই ভুল করে উ চকলেট ভেবে আতশবাজিটি মুখে নেন।
বিশেষ এই আতশবাজি পোড়ানোর জন্য আগুনের প্রয়োজন নেই। সামান্য চাপ পড়লেই তা ফেটে যায়।
উঁচু থেকে ফেলে দিলে বা পায়ের চাপ পড়লে জোর শব্দ করে বিস্ফোরণ ঘটে।
৫ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে উ জানান, আতশবাজিটি তাঁর ছোট ভাই বাড়িতে এনেছিল। সেই সময় তিনি আলো নিভিয়ে টিভি দেখছিলেন।
অন্ধকারে আতশবাজিকে চকলেট ভেবে মোড়ক খুলে তা মুখে দেন। সঙ্গে সঙ্গে মুখে আঘাত পান।
মুখে বারুদের গন্ধ পান তিনি।
বিস্ফোরণে মুখের ভেতর অনুভূতিশূন্য হয়ে যায়। কারণ বিস্ফোরণ হওয়া সত্ত্বেও খাওয়া বা দাঁত ব্রাশ করার সময় তিনি কোনো অস্বস্তি অনুভব করেননি বলে জানান উ।
