চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু; বিএনপির শোক

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাতে ঢাকার ধানমন্ডির একটি বাসভবনে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস করেন তিনি। তার মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওয়া কবরস্থানে জানাযা নামাজ শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) চিকিৎসার জন্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ঢাকায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে আজ রবিবার (৫ অক্টোবর) তার কিছু মেডিকেল টেস্ট করার কথা ছিল। শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার ধানমন্ডিতে ছোট ভাইয়ের বাসায় একাই অবস্থান করেছিলেন তিনি। রাত দেড়টার দিকেও তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনযোগে কথা হয় তার।
পরিবারের সদস্যরা আজ রবিবার সকাল থেকেই একাধিকবার তাকে কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে দুপুর ১২ টার দিকে তার ছোট ভাই রাতুল ও পরিবারের সদস্যরা ধানমন্ডির বাসায় গিয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু চুয়াডাঙ্গার কোর্টপাড়া নিবাসী। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। তার তিন ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী, মেজো ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট ছেলের বয়স মাত্র ৬ বছর। তার এই অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।
চুয়াডাঙ্গা জেলা জুড়ে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দরা গভীরভাবে শোক জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর বলেন, আজ রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে আমরা তার মৃত্যুর খবরটি জানতে পারি। সন্ধ্যার দিকে তার লাশবাহী গাড়িটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ