সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে খবর পেয়ে রূপগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে সড়কে যানবাহন চলাচলের সময় কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে রূপগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জসীম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card