জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া ও নির্লজ্জ, আমরা কক্ষনো ভালো হবো না—এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক হ্যান্ডলে এক পোস্টে রাজনীতি বিষয়ে আর কোনো পোস্ট করবেন না জানিয়ে শেষ পোস্ট হিসেবে একটি স্ট্যাটাস দেন। সেখানেই উল্লেখ করেন এসব কথা। শবনম ফারিয়া এটাও বলেন, ‘ক্ষমতায় যে-ই আসুক আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না।
শবনম ফারিয়া বলেন, ‘একটা গল্প আছে না , শীতের সকালে একজন ইমাম আর একজন চোরের? ইমাম ভাবেন, কী ভালো একটা মানুষ এই ঠাণ্ডায় ফজরের নামাজ পড়তে এসেছে! চোর ভাবে, কী ভদ্রলোক দেখতে, দাড়িদুড়ি রেখে আবার চুরি করে! এই গল্প থেকে আমরা কী শিখেছিলাম? শিখেছিলাম যে যেমন, যার চিন্তাধারা যেমন, অন্যদেরও তাদের সেইম মনে হয়!’
অভিনেত্রী বলেন, “বিশ্বাস করেন, পৃথিবীর সব মানুষ ‘টাকার’ (ডলারও পড়তে পারেন) কাছে তাদের ‘এথিক্স’ বিক্রি করে না। দুনিয়ার ‘সব মানুষের’ কাছে টাকাই ‘সব’ না। কিন্তু মানুষ নিজস্বতায় বিশ্বাস করে! স্রোতের বিপরীতেও যায়! রিস্ক নেয়! জুন মাসে যখন আন্দোলন তুঙ্গে, ইন্টারনেট চলে যাওয়ার পরপর যেসব সেলিব্রিটির কাছে, মেট্রো রেল/বিটিভিতে আগুন দেওয়ার প্রতিবাদ করার জন্য ভিডিও বানাতে বলা হয়, আমিও তাদের মধ্যে একজন। আমি প্রথমে সময় চাই, বলি ভেবে জানাব! স্বাভাবিক, সে সময় ডাইরেক্ট না করার মতো সাহস জোগাড় করতে পারিনি! তারাও বলে সময় নেন, আপাতত এমনেই ইন্টারনেট নাই।
জুলাইয়ে নিজের অবস্থান উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ভাই আমি এমন অনেক মানুষকে চিনি, যারা মন থেকে আওয়ামী লীগ ভালোবাসে, কিন্তু জুলাইতে লাল ডিপি দিসিলো! হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় পোট্রে করা হইছে এখন বিষয়টা তেমন নাই , কিন্তু সে সময় আপনি যদি মানুষ হয়ে থাকেন, অমানুষ না হোন তাহলে আপনি কোনো মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না, আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যা-ই হোক!’
এটাই শেষ স্ট্যাটাস জানিয়ে শবনম ফারিয়া বলেন, এই স্টেটাসে মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্টেটাস দেয়া বন্ধ করলাম! কারণ ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসাবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কক্ষনো ভালো হবো না, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! শিশু, কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে।
আমি আর আমার নিজ দেশের কাছে আর কোনো এক্সপেকটেশন রাখি না! পরিশেষে বলতে চাই , সত্যি সত্যি ডলার পেলে আসলে ভালোই লাগত ! শ্রীলঙ্কা যাওয়ার আগে ২৫৩০০ টাকা দিয়ে ২০০ ডলার পাসপোর্টে এন্ডোরর্স করতে খুবই কষ্ট হইছে!!

One Reply to “শবনম ফারিয়া :ক্ষমতায় যে-ই আসুক আমাদের দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না”
Comments are closed.