চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদস্যদের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হননি। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, কল্পলোক আবাসিক এলাকার একটি প্লটে অস্থায়ীভাবে নির্মাণ করা প্লাস্টিকের গুদামে বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্লাস্টিকের গুদামটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এছাড়া পাশে থাকা কয়েকটি কাঁচা (সেমিপাকা) বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাক্তাই (লামার বাজার) ও চন্দরপুরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান যুগান্তরকে জানান, একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
