ইসলামাবাদে জমি বিরোধের জেরে গুলিতে বৃদ্ধ নিহত, জানাযায় শোকার্ত মানুষের ঢল

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে জমি বিরোধের জেরে হাবিবুল হুদা চৌধুরী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোক বলে জানিয়েছে নিহতের পরিবার।
শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজের পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত হাবিবুল হুদার ছেলে এডভোকেট আবিদুল হুদার মতে, ঐ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকদের সঙ্গে নিহত হাবিবুল হুদা চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার দিন দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। সর্বশেষ তারাবির নামাজের পর একদল সশস্ত্র মুখোশধারী হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হাবিবুল হুদাকে গুলি করে হামলাকারীরা। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাদের আরও দুই নারী আহত হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

১৫ মার্চ (শনিবার) আসরের নামাজের পর সিকদার পাড়াস্থ জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা সম্পন্ন হয়। জানাযা পূর্বে বক্তব্য রাখেন, এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদী ও ছাত্র প্রতিনিধি। জানাযায় বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে। বক্তারা অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

একইদিন সন্ধ্যার পরপরেই ইসলামাবাদে আওয়ামীলীগ নেতা কতৃক সমন্বয়কের পিতাকে খুনের প্রতিবাদে ঈদগাঁও থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। তারা ২৪ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।

এনএএন টিভি