ঢাকা মোহাম্মদপুরে চোরের ছুরিকাঘাতে নাইট গার্ড নিহত

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে রবিউল ইসলাম (৩৫) নামে এক নাইট গার্ডকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উদ্যানের সি ব্লকের তিন নম্বর রোডে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সি ব্লকের ২ নম্বর রোডের ২৬ নম্বর বাসায় থাকতেন।

উদ্যানটির সুপারভাইজার আব্দুল হান্নান জানান, গত ৩-৪ বছর যাবত রবিউল উদ্যানের নাইট গার্ড হিসেবে চাকরি করছিলেন। বুধবার দিবাগত রাতে ওই এলাকার সন্ত্রাসী সুজন ওরফে ডিপজল একটি বাড়ি থেকে রড চুরি করছিল। তখন তাকে ধরে ফেলে রবিউল। তবে রড রেখে তাকে ছেড়ে দেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে যখন রবিউল ৩ নম্বর রোডের একটি গলিতে ডিউটিতে ছিলেন, তখন ধারালো অস্ত্র নিয়ে এসে সুজন তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত রবিউলের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমে জানান, ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত করছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card