ফেসবুকে প্রেম করে ভারতীয় নারী বাংলাদেশে এসে বিপাকে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন তিনি।

বুধবার সকাল ৮টায় বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকারের সঙ্গে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার যুবক সমর সরকারের ফেসবুকে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে পালিয়ে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন পিংকি।

তিনদিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সঙ্গে অবস্থান করেন পিংকি। একপর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে মঙ্গলবার বিকালে পিংকিকে বেনাপোল বর্ডারে পাঠিয়ে দেন এবং বলেন, ‘তুমি আমার বন্ধুর সাথে যাও, আমি আসছি।’ কিন্তু সমর না আসলেও পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় তার বন্ধু। মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাকে একটি বাড়িতে আশ্রয় দেন।

বিজিবি এই ঘটনা বিএসএফকে জানায়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ পিংকি সরকারকে ফেরত নিতে সম্মত হয়। বিএসএফ পরে তাকে তার পরিবারের হাতে হস্তান্তর করবে বলে জানা গেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card