শীতের আগমনী বার্তা, নবরূপে সাঁজার অপেক্ষায় প্রকৃতি

শিশিরে ভেজা ঘাস আর কুয়াশায় মোড়ানো পথ জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। সন্ধ্যা হলেই অনুভব হচ্ছে শীত। শীত আগমনে নবরূপে সাঁজার অপেক্ষায় প্রকৃতি। কক্সবাজারের ঈদগাঁওতে আগাম বার্তা দিচ্ছে শীত। ঋতু বৈচিত্র্যের কারণে ভোরে শীতের সঙ্গে দেখাও মিলছে হালকা কুয়াশা।

ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। প্রতিদিন ভোরে দেখা মিলছে কুয়াশার। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।

ঈদগাঁও মাছুয়াখালীর এক প্রবীণ জানান, গ্রামীণ জনপদে কুয়াশা দেখা যাচ্ছে কদিন ধরে। ভোরে শিশির জমেছে ঘাসে। এমন সময়ে শীতকালীন সবজি চাষ শুরু হয়।

বাড়ীঘরের বধুরা জানান, ভোররাতে হালকা শীত পড়ে। সাথে বাড়ীর টিনের ছালে টুপটুপ পড়ছে কুয়াশাও। হালকা কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ পথ-ঘাট, সবুজ প্রান্তর। শিশিরে ভেজা সোনালী ধানে মুক্তার ঝলকানি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

ঋতু বদলের আয়োজনে হেমন্তের শুরুতেই শীতের আমেজ। নতুন ধানের পিঠা-পুলির উৎসবে গ্রাম- বাংলার জীবন হয়ে উঠবে রঙিন।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর