ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। পরে মধ্যরাতে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু করেন অনুষ্ঠনটির পরিচালক হানিফ সংকেত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দুইশো বছরের পুরনো রাজা টংকনাথের রাজবাড়ীতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৩ হাজার প্রবেশ (গেট) পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
দর্শনার্থীরা এই বিশৃঙ্খলার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। স্থানীয় দর্শক সুমন হোসেন বলেন, পাস নিয়ে উপস্থিত হয়েও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের ব্যর্থতা।
আরেক দর্শক শামিম হোসেন বলেন, এত অল্প জায়গায় এমন বড় আয়োজন করা উচিত হয়নি। নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল স্পষ্ট।
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ব্যাপক লোকের সমাগমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করতে। তবে কেউ নিষেধ না মেনে বিশৃঙ্খলা তৈরি করেছে, যা কাম্য ছিল না। তবে রাত বারতে থাকায় সমাগম কমতে থাকে। পরে পুরো পরিস্থিতি শান্ত হলে তাদের কার্যক্রম শেষ হয়।

One Reply to “‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মারামারি ও চেয়ার ভাঙচুর”
Comments are closed.