ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম নিহত হয়েছেন।

রবিবার (২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, নিহত ইপিজেডকর্মী রিনা বেগম রাজশাহীর বাঘা থানাধীন আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাই নবাবগঞ্জের মিলনের স্ত্রী। মৃত রিনা বেগম রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছুরিকাঘাতের পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে রিনা-মিলন দম্পতির সংসার ভেঙে যায়। তাদের ঘরে ১৭ বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। তালাকের পর রিনা বেগম তার ছেলেকে নিয়ে পাকশী ইপিজেড সংলগ্ন এলাকায় বাসা ভাড়া থাকতেন। আর তার স্বামী মিলন একই এলাকায় অন্য বাসায় ভাড়া থাকতেন।

 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে। নিহতের স্বামী মিলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card