চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেশে ফিরেছেন দলের মহাসচিব।
প্রায় সাড়ে ৩ মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি মির্জা ফখরুল জামিনে মুক্তি পান। কারাগারে বন্দী থাকা অবস্থায় তার প্রায় ৬ কেজি ওজন কমে যায়। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক চিকিৎসককে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দু’টি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপির মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।
৭৭ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর তাকে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়।
