কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কেআইবি চত্বরে তিন দিনের জাতীয় ফল মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। ‘ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী ৮ জুন।
এবারের ফল মেলায় অংশ নেবে ৮টি সরকারি প্রতিষ্ঠান ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান। মোট ৬৩টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় আসা দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কেআইবি চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
