আজ থেকে দুই দিন পর দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ ও কাল সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ (রবিবার) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশার তথ্যে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।
দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থাতেও বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
