ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইডেন কলেজের পুকুরে ডুবে এইচএসসি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা, ১৬ জুন ২০২৫: রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শেখার সময় ডুবে মারা গেছেন সানজিদা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম নামে ইডেনের ফিনান্স বিভাগের ছাত্রী জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়।ব্যক্তিগতভাবে বাসায় গিয়ে তাকে পড়াতেন মোহনা। আজ সকালে তারা ফোনে যোগাযোগ করে একসাথে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন।

সেই পরিকল্পনা অনুযায়ী, ইডেন কলেজের ভেতর ঢুকে দুজনই পুকুরে নামেন। পুকুরের পাড়বাদা সিড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে ডুবে যায় সানজিদা। তখন মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা এসে পানি থেকে তাকে তুলেন। এরপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়।তবে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তিনি আরো জানান , মরদেহ মর্গে রাখা হয়েছে ।

এই মর্মান্তিক ঘটনা কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া ফেলেছে। কলেজ কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করে দেখছে।

কীভাবে এড়ানো যেত এই দুর্ঘটনা?

বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুকুর বা জলাশয়ের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সতর্কবার্তা থাকা প্রয়োজন। সাঁতার শেখার সময় প্রশিক্ষকের উপস্থিতি থাকা জরুরি।

এন এ এন টিভি