আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী সদর উপজেলার পূর্ব চাপড়ার ৯নং ওয়ার্ডে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ইউনিয়নের সভাপতি জাসিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “আধুনিক নীলফামারী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি চাই মডেল নীলফামারী গড়ে তুলতে। সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনা আমার প্রধান লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আরও জানান, নীলফামারীর সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। বিশেষ করে শিক্ষা খাতের প্রসার, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
অন্য বক্তারা বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলীয় প্রার্থীর পক্ষে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জাসাস ইউনিয়নের সভাপতি জাসিয়ার রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “আধুনিক নীলফামারী গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএনপি প্রার্থীর”
Comments are closed.